বিএনপির ১৪১ ও আওয়ামী লীগের ৩ প্রার্থীর মনোনয়ন বাদ পড়লো



আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ৩ জন ও বিএনপির ১৪১ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তারা। এতে আওয়ামী লীগের বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়াল ২৭৮ জন এবং বিএনপির ৫৫৫ জন। গত রোববার সারা দেশে ৬৪টি জেলায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ৩০৬৫ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।

মনোনয়নপত্র বাতিলের মধ্য দিয়ে বিএনপির পাঁচটি আসন প্রার্থী শূণ্য হয়ে পড়েছে। এর আগে ৫টি আসনে দলটির কেউ মনোনয়নপত্র দাখিল করেননি। সব মিলিয়ে বর্তমানে ১০টি আসনে বিএনপির কোন প্রার্থী অবশিষ্ট রইলো না। অপরদিকে আওয়ামী লীগের তিনজনের মনোনয়ন বাতিল হওয়ায় বর্তমানে ৩৯টি আসনে দলটির প্রার্থী নেই।

যাচাই-বাছাইয়ে সবচেয়ে বেশি বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র। নির্বাচনে ৪৯৮ জন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ৩৮৪ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। বর্তমানে বৈধ প্রার্থী রয়েছেন ১১৪ জন প্রার্থী। রোববার যাচাই-বাছাইয়ের পর ৭৮৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা। আর বৈধ ঘোষণা করা হয় ২০২৭৯ জনের মনোনয়নপত্র। এর আগে ২৯৫টি আসনে বিএনপির ৬৯৬ ও ২৬৪ আসনে ২৮১ জন আওয়ামী লীগের মনোনয়নে প্রার্থী হয়েছিলেন। রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো রিপোর্টে এসব তথ্য উঠে এসেছে।

চলতি মাসের ৩০ তারিখ একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ৯ ডিসেম্বরের মধ্যে কোন আসনে কে প্রার্থী, সে সম্পর্কে নির্বাচন কমিশনে দলীয় চিঠির মাধ্যমে নিশ্চিত করতে হবে। এরপরই জানা যাবে কোন আসনে কারা কারা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নবীনতর পূর্বতন