
গত বছর ডোপ টেস্ট উত্তীর্ণ হতে না পারায় বিপিএল খেলা হয়নি ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে
রাসেলের। তবে সব বাধা কাটিয়ে ৫ জানুয়ারীতে (আজ) শুরু হতে যাওয়া বিপিএল-২০১৯ এ ঢাকা
ডায়নামাইটসের হয়ে মাঠ মাতাতে প্রস্তুত ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার।
রাসেল
বলেন, "আমি মনে করি আমাদের একটি ভাল দল আছে। "আমাদের প্রত্যাশা শুধু জয়।
আমি আগে এখানকার বেশিরভাগ খেলোয়াড়দের সাথে খেলেছি। আমাদের দলে অভিজ্ঞ খেলোয়াড়
রয়েছে। সুতরাং দিনের শেষে, আমাদের নিশ্চিত করা উচিত যে আমরা সব অভিজ্ঞতা ভালভাবে
ব্যবহারে করতে পারি। "
রাসেলকে বিশ্ব টি-২০ ক্রিকেট লিগের এক আদর্শ ফেরিওয়ালা বললেও ভুল হবে না। সেই
সুবাদে পৃথিবীর বিভিন্ন লিগে বাংলাদেশের সাকিবের
সাথে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। অধিনায়ক হিসেবে সাকিবের প্রশংসা করেছেন রাসেল, ‘সাকিব
খুব ভালো অধিনায়ক। আমি ওর সঙ্গে কলকাতা নাইট রাইডার্স ও জ্যামাইকা তালওয়াশেও খেলেছি।
সে খুবই আক্রমণাত্মক খেলে। মাঝে মাঝে একটু রাগী আচরণও করে। অন্য অধিনায়কদের মধ্যেও
এটা দেখা যায়। আমরা সবাই পেশাদার খেলোয়াড়। আমরা ব্যাটে বা বলে খারাপ করলে অধিনায়ক কঠিন
প্রতিক্রিয়া দেখাতেই পারেন। আমাদের নিশ্চিত করতে হবে যতটা সহজ খেলা যায়। আমি জানি একজন
অধিনায়ক হিসেবে সে সর্বোচ্চটাই দেবে।’
এবারের বিপিএল এ স্টিভেন স্মিথ, ডি ভিলিয়ার্স, ডেভিড ওয়ার্নারদের মতো তারকাদের
খেলতে দেখা যাবে। রাসেলের মতে, ‘খুব প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট হতে যাচ্ছে এবার।
কিছু খেলোয়াড় টুর্নামেন্টে বিশেষত্ব এনে দিয়েছে। দিন শেষে তারা মানুষ। কিন্তু আমরা
জানি বিশেষ করে ডি ভিলিয়ার্স এবং ডেভিড ওয়ার্নার কতটা ধ্বংসাত্মক হতে পারে। প্রতিপক্ষ
হিসেবে আমাদের নিশ্চিত করতে হবে কত তাড়াতাড়ি তাদের আউট করা যায়। তাদের বিপক্ষে আমাদের
বিশেষ পরিকল্পনা রাখতে হবে। কিন্তু এ টুর্নামেন্টের জন্য তাঁরা খুবই ভালো।’
উল্লেখ্য, আজ সন্ধ্যায় তার দল ঢাকা ডায়নামাইটস মাঠে নামতে যাচ্ছে মেহেদী হাসানের
রাজশাহী কিংসের বিরুদ্ধে।