কুমিল্লায় নিজ অফিসে সন্ত্রাসীদের গুলিতে কাউন্সিলরসহ নিহত ২





কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর, প্যানেল মেয়র ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সৈয়দ মো: সোহেল (৪৫) ও তার সহযোগী ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য হরিপদ সাহা (৫৫) নিজ কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন।

সোমবার বিকেলে নগরীর পাথুরিয়াপাড়া পানুয়া খানকা শরীফ সংলগ্ন কাউন্সিলর কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। নিহত কাউন্সিলর সৈয়দ মো: সোহেল পাথুরিয়াপাড়া এলাকার সৈয়দ শাহজাহানের ছেলে। হরিপদ সাহা নবগ্রাম এলাকার বাসিন্দা। তিনি নগরীর ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকালে কাউন্সিলর সৈয়দ মো: সোহেল নিজ কার্যালয়ে বসে রাজনৈতিক কর্মীদেরকে নিয়ে একটি বৈঠক করছিলেন। এমতাবস্থায় ৪টি মোটরসাইকেল সেখানে এসে ৭-৮ জন সন্ত্রাসী ওই কাউন্সিলরকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

গুলিতে ওয়ার্ড আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মো: সোহেল চৌধুরী (৩৮), কাউন্সিলরের সহযোগী রিজু (২৩), সদস্য মো: বাদল (২৮), জুয়েল (৪০) ও রাসেল (৩২) আহত হন। কাউন্সিলরকে গুলি করার ঘটনা স্থানীয় মসজিদের মাইকে জানানোর পর শত শত মানুষ ঘটনাস্থলের দিকে ছুটে আসে। স্থানীয়রা গুলিবিদ্ধ কাউন্সিলরসহ আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ারুল আজিম ও কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের চিকিৎসক নাফিজ সোমবার সন্ধ্যায় দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এলাকায় বালু ব্যবসা, ঠিকাদারি ও আধিপত্য বিস্তারের জের ধরে কাউন্সিলরকে হত্যার উদ্দেশ্যেই এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে।


নবীনতর পূর্বতন