সর্বশেষ সংবাদ, সবার আগে
ব্রেকিং
লোড হচ্ছে...

মাত্র ১৪ মিনিটের ঝড়ে বেলজিয়ামকে ৪-১ গোলে উড়িয়ে দিল ফ্রান্স

প্রকাশ: • অনলাইন সময় ডেস্ক
লেখার আকার

 

বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের ৭৬ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল ফ্রান্স। কিন্তু এরপর মাত্র ১৪ মিনিটেই পাল্টে যায় পুরো ম্যাচ। একের পর এক গোল করে শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে জিনেদিন জিদানের দল।

শুরুতে ম্যাচের নিয়ন্ত্রণ অবশ্য ফ্রান্সের কাছেই ছিল। বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণ থেকে কাঙ্ক্ষিত গোল পাচ্ছিল না তারা। সেই সুযোগে ৩৫ মিনিটে বেলজিয়ামকে এগিয়ে দেন দদি লুকবাকিও। রোমিও লাভিয়ার বাড়ানো থ্রু বল ধরে ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের শটে গোলটি করেন তিনি। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।

বিরতির পরও ফ্রান্সের আক্রমণ থেকে গোল না আসায় ম্যাচ ক্রমেই কঠিন হয়ে উঠছিল। পরিস্থিতি বদলাতে জিদান একে একে মাইকেল ওলিসে, রায়ান শেরকি ও দেজিরে দুয়েকে মাঠে নামান। শেষ পর্যন্ত এই সিদ্ধান্তই ম্যাচের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখে।

৭৭ মিনিটে সেই পরিবর্তনের সুফল পায় ফ্রান্স। লুকাস দা কুনহার পাস পেয়ে ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে গোল করেন দেজিরে দুয়ে। স্কোরলাইন ১-১ হওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণ দ্রুত ফ্রান্সের হাতে চলে যায়।

এরপর ৮১ মিনিটে ওলিসের পাস থেকে রায়ান শেরকির গোলে এগিয়ে যায় ফ্রান্স। ৮৮ মিনিটে দুয়ের সঙ্গে সমন্বয় করে নিজের প্রথম গোলটি করেন মাইকেল ওলিসে। যোগ করা সময়ের ৯০+১ মিনিটে শেরকি ও দুয়ের সহায়তায় আবারও জালে বল পাঠান ওলিসে। ফলে ১৪ মিনিটের ব্যবধানে চার গোল করে ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ফ্রান্স।

এই জয়ের ফলে উয়েফা নেশনস লিগের গ্রুপ ১-এ চার ম্যাচ শেষে ফ্রান্সের পয়েন্ট দাঁড়িয়েছে ১০। ৭ পয়েন্ট নিয়ে ইতালি রয়েছে দ্বিতীয় স্থানে। আর এক সপ্তাহের মধ্যে ফ্রান্সের কাছে দ্বিতীয়বার হেরে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে বেলজিয়াম।