![]() |
| পুলিশের গাড়িতে মমতা, বিবিসি বাংলা |
আটক ব্যক্তিদের মধ্যে ককরোচ জনতা পার্টির শীর্ষ পর্যায়ের নেতাদের পাশাপাশি বামপন্থী ছাত্রনেত্রী নেহা বোরা এবং পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নামও রয়েছে বলে দাবি করা হচ্ছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস দিল্লিতে পৌঁছানোর পর বিমান থেকেই পুলিশের হেফাজতে যান। এর আগে ইউটিউবার ধ্রুব রাঠিকে তাঁর বাসা থেকে আটক করা হয়েছে বলেও খবর ছড়িয়েছে। সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবীকে আটকের তথ্যও সামনে এসেছে।
এদিকে বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধস্তাধস্তির খবর পাওয়া যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বিক্ষোভের মূল কেন্দ্র হিসেবে নির্ধারিত যন্তর মন্তর এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সেখানে প্রবেশের বিভিন্ন পথ বন্ধ করে ব্যারিকেড বসানো হয়েছে। এমন পরিস্থিতিতে দুপুরের দিকে বামপন্থী ছাত্রনেত্রী নেহা বোরা দিল্লির কেন্দ্রীয় অংশ থেকে দূরে দিল্লি হাট এলাকায় সমর্থকদের একত্র হওয়ার আহ্বান জানান বলে প্রতিবেদনে বলা হয়েছে।
দিল্লিতে অবস্থানরত বিবিসির সংবাদদাতা প্রত্যুষ রায়ের বর্ণনা অনুযায়ী, মধ্য দিল্লির বিস্তীর্ণ এলাকায় সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে। যন্তর মন্তরে যাওয়ার সড়কগুলোতে একাধিক স্তরে ব্যারিকেড দেওয়া হয়েছে। কিছু রাস্তায় কাঁটাযুক্ত প্রতিবন্ধকও বসানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিক্ষোভের স্লোগান দেওয়া ব্যক্তিদের আটক করে বাসে তোলা হচ্ছে এবং যন্তর মন্তর থেকে কয়েক কিলোমিটার দূরেও যানবাহন চলাচলে বাধা দেওয়া হচ্ছে। আন্দোলনকারীদের পাশাপাশি কিছু সাংবাদিকের প্রবেশেও বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
এ ছাড়া যন্তর মন্তরকে কেন্দ্র করে প্রায় চার কিলোমিটার ব্যাসার্ধের এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে বলে দাবি করা হয়েছে। মধ্য দিল্লির বিভিন্ন দোকানপাটও বন্ধ থাকার খবর পাওয়া গেছে।
রাজধানীর এই নিরাপত্তাব্যবস্থা ও ধারাবাহিক আটকের ঘটনায় আন্দোলনের পরিস্থিতি কোন দিকে গড়ায়, এখন সেদিকেই নজর রয়েছে।
তথ্যসূত্র: বিবিসি বাংলা
