সর্বশেষ সংবাদ, সবার আগে
ব্রেকিং
লোড হচ্ছে...

নতুন বেতন কাঠামো: অক্টোবরের বেতনের সঙ্গে মিলবে তিন মাসের বকেয়া

প্রকাশ: • অনলাইন সময় ডেস্ক
লেখার আকার

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো কার্যকরের প্রক্রিয়া শুরু হচ্ছে। নতুন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারণের পর অক্টোবর মাসের বেতনের সঙ্গে আগের কয়েক মাসের বকেয়া অর্থও পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সবার বকেয়ার পরিমাণ সমান হবে না। সংশ্লিষ্ট কর্মকর্তাদের গ্রেড, বর্তমান মূল বেতন, নতুন কাঠামোয় নির্ধারিত বেতন এবং নতুন বেতন কার্যকরের তারিখের ওপর এরিয়ার পরিমাণ নির্ভর করবে।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, নতুন বেতন নির্ধারণ বা ‘পে ফিক্সেশন’ কার্যক্রম সোমবার থেকে শুরু হবে। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আগামী ২০ অক্টোবরের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

যেভাবে হবে পে ফিক্সেশন

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ করা হবে আইবাস++-এর পে ফিক্সেশন মডিউলের মাধ্যমে। এ জন্য সংশ্লিষ্ট কর্মচারীকে পোর্টালে প্রবেশ করে জাতীয় পরিচয়পত্র, জন্মতারিখ, পদ ও গ্রেড, চাকরিতে যোগদানের তারিখ এবং বর্তমান মূল বেতনসহ প্রয়োজনীয় তথ্য দিতে হবে।

পাশাপাশি আগের বেতন নির্ধারণের তথ্যও যাচাই করতে হবে। কারও পদোন্নতি, বদলি, টাইম স্কেল, সিলেকশন গ্রেড কিংবা উচ্চতর গ্রেড হয়ে থাকলে সেসব তথ্যও সঠিকভাবে যুক্ত করতে হবে। এসব তথ্যের সমর্থনে থাকা অফিস আদেশ ও প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

কীভাবে হিসাব হবে বকেয়া?

নতুন কাঠামোয় প্রত্যেক সরকারি কর্মচারীর মূল বেতন পে ফিক্সেশনের মাধ্যমে নির্ধারিত হবে। এরপর পুরোনো ও নতুন মূল বেতনের পার্থক্য এবং বেতন কার্যকরের তারিখ বিবেচনা করে বকেয়া অর্থের হিসাব করা হবে।

নতুন জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের জন্য গত ১৯ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুনের মূল বেতনকে ভিত্তি ধরে নতুন কাঠামোয় বেতন নির্ধারণ করা হবে। নতুন ও পুরোনো মূল বেতনের পার্থক্যের ৪০ শতাংশ চলতি বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেওয়া হবে। এরপর ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত পার্থক্যের ৭০ শতাংশ কার্যকর হবে। ২০২৭ সালের ১ জুলাই থেকে পুরো নতুন মূল বেতন কার্যকর হওয়ার কথা রয়েছে।

তবে নতুন কাঠামোর বিভিন্ন ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।

বেতন দিতে বরাদ্দ ৩৭ হাজার কোটি টাকা

চলতি অর্থবছরে দুই ধাপে মূল বেতনের ৭০ শতাংশ পরিশোধের জন্য প্রায় ৩৭ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে অর্থ বিভাগ সূত্রে জানা গেছে।

পে ফিক্সেশন কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করতে হিসাবরক্ষণ কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের অনলাইন প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। আইবাস++-এর মাধ্যমে পরিচালিত এ প্রশিক্ষণে প্রধান হিসাব ও অর্থ কর্মকর্তা (সিএএফও), বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক (ডিসিএ), জেলা হিসাব ও অর্থ কর্মকর্তা (ডিএএফও) এবং উপজেলা হিসাব কর্মকর্তার (ইউএও) কার্যালয়ের সংশ্লিষ্টরা অংশ নিচ্ছেন।

নতুন বেতন কাঠামোর পে ফিক্সেশন শেষ হওয়ার পরই কোন কর্মচারী কত নতুন মূল বেতন এবং কত টাকা বকেয়া পাবেন, তা নির্দিষ্টভাবে জানা যাবে।

সূত্র: বাসস