![]() |
| ছবি: রয়টার্স |
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গাড়িতে অগ্নিসংযোগের ঘটনাগুলোর মধ্যে ডারবানে ১৪টি এবং সোয়েটুতে ১০টি গাড়ি রয়েছে। ডারবানে এক বিক্ষোভকারীকে মারধরের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে পোর্ট এলিজাবেথেও আশ্রয়প্রার্থীদের আবেদন নিয়ে বিরোধের জেরে উত্তেজনা দেখা দিয়েছে।
অভিবাসন নীতির বিরোধিতা থেকে সহিংসতা
ডারবানে শরণার্থীদের আবেদন গ্রহণকারী একটি সরকারি কেন্দ্রের সামনে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীদের দাবি ছিল, সেখানে নতুন করে আশ্রয়ের আবেদন নেওয়া বন্ধ করতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কায় কর্তৃপক্ষ কেন্দ্রটির কার্যক্রম বন্ধ করে দেয় এবং আবেদনকারীদের স্থান ত্যাগ করতে বলে।
কিন্তু এতে পরিস্থিতি শান্ত হয়নি। বরং বিক্ষোভ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। শহরের বিভিন্ন স্থানে গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি বিদেশি নাগরিকদের পরিচালিত কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাটের ঘটনা ঘটে।
সোয়েটুতে ছড়িয়ে পড়ে সংঘাত
জোহানেসবার্গের সোয়েটু এলাকার অরল্যান্ডো ওয়েস্টেও অভিবাসনবিষয়ক সরকারি দপ্তর বন্ধের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। স্থানীয় বাসিন্দাদের এই কর্মসূচিকে ঘিরে পরে বিদেশি নাগরিকদের সঙ্গে বিরোধ সংঘর্ষে রূপ নেয়।
সংঘাতের সময় কয়েকটি দোকানে লুটপাট এবং একাধিক গাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে গুলির শব্দ শোনা গেলেও কারা গুলি চালিয়েছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
আবেদনপ্রার্থীদের ঘিরে পোর্ট এলিজাবেথে উত্তেজনা
দেশটির গকেবেরহা এলাকায় অস্থায়ী পারমিটের জন্য আবেদন করতে বিপুলসংখ্যক মানুষ শরণার্থী কার্যালয়ে উপস্থিত হন। তাঁদের আবেদন জমা দেওয়ার কার্যক্রম বন্ধ করার উদ্দেশ্যে প্রায় ৩০ জন বিক্ষোভকারী সেখানে জড়ো হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
একপর্যায়ে পুলিশ স্টান গ্রেনেড ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। সংঘাতের আশঙ্কায় ওই এলাকায় অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়।
আদালতের সিদ্ধান্ত কেন আলোচনায়?
আশ্রয়ের আবেদন করার নিয়মে পরিবর্তন আনা নিয়ে দক্ষিণ আফ্রিকায় যে বিতর্ক চলছে, তার পেছনে রয়েছে দেশটির সাংবিধানিক আদালতের একটি সিদ্ধান্ত। জুলাইয়ে দেওয়া ওই রায়ে আবেদনপ্রক্রিয়ার কয়েকটি বাধা দূর করার নির্দেশ দেওয়া হয়েছিল। ফলে আগে কিছু প্রশাসনিক ও প্রক্রিয়াগত জটিলতার কারণে আবেদন করতে না পারা ব্যক্তিদেরও আবেদন করার সুযোগ তৈরি হয়।
এরপর বিভিন্ন সরকারি শরণার্থী কার্যালয়ে আবেদনকারীদের ভিড় বাড়তে থাকে। এই পরিবর্তনকে কেন্দ্র করে একাংশের মধ্যে অসন্তোষ দেখা দেয়, যা পরবর্তী সময়ে বিক্ষোভে রূপ নেয়।
তবে সরকার স্পষ্ট করেছে, আবেদন করার সুযোগ পাওয়া মানেই কাউকে শরণার্থী হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে না। একইভাবে এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে স্থায়ী বসবাসের অনুমতিও পাওয়া যায় না। প্রত্যেক আবেদনকারীর তথ্য ও যোগ্যতা যাচাই করে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।
আদালতের সিদ্ধান্ত নিয়ে ভুল বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে বলেও জানিয়েছে সরকার।
পরিস্থিতি সামাল দিতে বাড়তি সতর্কতা
বিক্ষোভ ও সংঘর্ষের কারণে কয়েকটি এলাকায় স্বাভাবিক চলাচল এবং শরণার্থী কার্যালয়ের কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। অগ্নিসংযোগ, লুটপাট ও সহিংসতায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তথ্যসূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), রয়টার্স।
