‘নিজেদের পোশাকের মর্যাদা ও পবিত্রতা রক্ষা করুন’- মাহবুব তালুকদার




জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতা ও সন্ত্রাসের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার। তিনি বলেছেন, ‘নির্বাচন ও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না।’ 
 
তিনি আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশ্য করে বলেন, ‘অতিউৎসাহী হয়ে কোনো অনভিপ্রেত আচরণ করবেন না। আপনারা নির্বাচনের সবচেয়ে বড় সহায়ক শক্তি। প্রত্যেকের প্রতি সমআচরণ ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা আপনাদের কর্তব্য। নির্বাচনে পক্ষপাতমূলক আচরণ থেকে বিরত থাকুন। নিজেদের পোশাকের মর্যাদা ও পবিত্রতা রক্ষা করুন।’

আজ বুধবার দুপুরে আগারগাঁও ইসি ভবনে তিনি সাংবাদিকদের ডেকে এসব বক্তব্য তুলে ধরেন। লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, ‘নির্বাচন কেবল অংশগ্রহণমূলক হলে হয় না, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও আইনানুগ হতে হয়। এ ছাড়া, নির্বাচন গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য না হলে বিশ্ব সভায় আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আমরা মাথা তুলে দাঁড়াতে পারব না। প্রশ্নবিদ্ধ নির্বাচন করে আমরা কলঙ্কিত হতে চাই না। নির্বাচনে যিনি বা যারাই জয়লাভ করুন, দেশের মানুষ যেন পরাজিত না হয়।’

রিটার্নিং কর্মকর্তাদের প্রতি মাহবুব তালুকদার বলেন, ‘বিবেক সমুন্নত রেখে অনুরাগ ও বিরাগের বশবর্তী না হয়ে সাহসিকতার সঙ্গে আইন অনুযায়ী নিজেদের দায়িত্ব পালন করুন।’ 

ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে আসার আহ্বানও জানান মাহবুব তালুকদার। তিনি বলেন, ‘আপনারা ইচ্ছানুযায়ী প্রার্থীকে ভোট দিন। ভয়ভীতি ও প্রলোভনের কাছে নতি স্বীকার করবেন না।’ মনে রাখবেন, এবারের নির্বাচন আমাদের আত্মসম্মান সমুন্নত রাখার নির্বাচন। এবারের নির্বাচন আগামী প্রজন্ম ও আপনার সন্তানের সুন্দর ভবিষ্যত নির্মাণের নির্বাচন।

নবীনতর পূর্বতন