১১ বছর পর বড় বাজেটের সিনেমায় অমিতাভ ও ঐশ্বরিয়া




দীর্ঘ ১১ বছর পর একসঙ্গে রুপালী পর্দায় দেখা যাবে ঐশ্বরিয়া রাই বচ্চন ও অমিতাভ বচ্চনকে। সর্বশেষ ২০০৮ সালে ‘সরকার রাজ’ সিনেমায় দেখা গেছে তাঁদের। তার আগে ২০০৫ সালে ‘বান্টি অর বাবলি’ ছবিতে ‘কাজরা রে’ গানে শ্বশুর অমিতাভ ও স্বামী অভিষেকের সঙ্গে নেচেছিলেন সাবেক এই বিশ্বসুন্দরী।

কিন্তু এবার ১১ বছর পর সিনেমার পর্দায় একসঙ্গে দেখা যাবে অমিতাভ বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চনকে। পরিচালক মনি রত্মমের প্রজেক্টে এবার দেখা যাবে বলিউডের এই হাই প্রোফাইল শ্বশুর-বউমার জুটিকে। এছাড়াও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের বেশ কয়েকজন তারকাকেও দেখা যাবে এই ছবিতে।

ভারতের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এটি বড় বাজেটের ইতিহাস-আশ্রিত ছবি। বহুভাষায় ডাবিং হবে ছবিটি। বাহুবলির মতোই বহু প্রেক্ষাগৃহে অবমুক্ত হবে। এরই মধ্যে এ প্রকল্পে চুক্তিবদ্ধ হয়েছেন ঐশ্বরিয়া রাই। তবে অমিতাভ বচ্চন এখনো চুক্তিবদ্ধ হননি।

এদিকে অনুরাগ কাশ্যপের ‘গুলাব জামুন’ ছবিতে সম্প্রতি ‘না’ করে দিয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন এবং অভিষেক বচ্চন। অনুরাগ কাশ্যপের এই সিনেমায় দীর্ঘ ৮ বছর পর স্বামী অভিষেক বচ্চনের বিপরীতে কাজ করার কথা ছিল সাবেক এই বিশ্ব সুন্দরীর। কিন্তু আচমকাই অনুরাগের এই সিনেমায় অভিনয় করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন জুনিয়র বচ্চন এবং ঐশ্বরিয়া। কী কারণে অনুরাগ কাশ্যপের সিনেমায় তাঁরা অভিনয় করবেন না, সে বিষয়ে জানা যায়নি।

নবীনতর পূর্বতন