বিশ্বের প্রতিটি দেশের দখল নিচ্ছে ওমিক্রন

 


দু’দিনে আগেই ওমিক্রনের সংক্রমণ-তালিকায় ছিল ১২টি দেশের নাম। আজ প্রকাশিত নতুন তালিকায় জানানো হয়েছে, অন্তত ৩০টি দেশে ঢুকে পড়েছে করোনার নতুন বিপজ্জনক স্ট্রেনটি। এর মধ্যে রয়েছে ভারতের নামও। আমেরিকায় আজ প্রথম ওমিক্রন ধরা পড়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে ‘ইউরোপিয়ান সেন্টার ফর ডিজ়িজ় প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল’ (ইসিডিসি) জানিয়েছে, যে গতিতে ছড়িয়ে পড়ছে ওমিক্রন, শীঘ্রই ডেল্টাকে সরিয়ে এটিই বিশ্বে ‘ডমিন্যান্ট’ বা মূল সংক্রামক স্ট্রেন হয়ে উঠবে।


ইসিডিসি-র ডিরেক্টর অ্যান্ড্রিয়া অ্যামন বলেন, ‘‘এখনও অনেক কিছু অজানা। ফলে পরিস্থিতি যে কোনও মুহূর্তে বদলে যেতে পারে। সংক্রমণের গতি যতটুকু কমানো সম্ভব, সে চেষ্টা করা হচ্ছে। টিকাকরণের গতি বাড়ানো হচ্ছে। বুস্টার ডোজ় দেওয়ার কাজও চালু রাখা হচ্ছে। সেই সঙ্গে চিকিৎসা পদ্ধতির বাইরে যে দায়িত্বগুলো রয়েছে, সেগুলো মাথায় রাখা প্রয়োজন। যেমন, পারস্পরিক দূরত্ববিধি বজায় রাখা, মাস্ক পরা, ঘরের মধ্যে হাওয়া চলাচল ঠিক রাখা ইত্যাদি।’’ পর্যটনেও নতুন করে নিষেধাজ্ঞা জারির কথা ভাবছে ইউরোপ। অফিসগুলোকে বাড়ি থেকে কাজ করানোর পরামর্শ দেওয়া হচ্ছে।


আমেরিকার ক্যালিফর্নিয়ায় আজ প্রথম ওমিক্রন ভেরিয়েন্ট ধরা পড়েছে। দেশের স্বাস্থ্য দফতর জানিয়েছে, ২২ নভেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে ফেরা এক পর্যটকের শরীরে স্ট্রেনটি মিলেছে। সংক্রমিত ব্যক্তির বয়স ৫০-এর নীচে। আমেরিকার ফেরার দিন কয়েক পর থেকে উপসর্গ দেখা দেয়। ২৮ নভেম্বর করোনা পরীক্ষা করান তিনি। পরের দিন পজ়িটিভ রিপোর্ট আসে। স্বাস্থ্য দফতর জানিয়েছে, সংক্রমিত ব্যক্তির টিকাকরণ সম্পূর্ণ হয়ে গিয়েছিল। তার পরেও তিনি আক্রান্ত হয়েছেন। তবে খুব বেশি বাড়াবাড়ি হয়নি তাঁর। চিকিৎসকেরা জানিয়েছেন, দ্রুত সেরে উঠছেন ওই ব্যক্তি। সূত্র: আনন্দবাজার পত্রিকা

নবীনতর পূর্বতন