
আজ মঙ্গলবার সকালে প্রধান
নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সঙ্গে
বৈঠক চলাকালে সেখান থেকে উঠে এসেছেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা। আলোচনায় নেতৃত্ব দেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক
ড. কামাল হোসেন। সাথে ছিলেন বিএনপির মহাসচিব ও ঐক্যফ্রন্ট মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম
আলমগীরসহ আরও কয়েকজন নেতা।
মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে
ঐক্যফ্রন্টের নেতারা সিইসির বিরুদ্ধে ‘অশোভন’ আচরণের অভিযোগ তোলেন। বিএনপির মহাসচিব
মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, “সারা দেশে বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যা,
আক্রমণ ও অগ্নিসংযোগ করা হচ্ছে। পুলিশ বিরোধী দলের ওপর চড়াও হচ্ছে। বিষয়গুলো প্রধান
নির্বাচন কমিশনারের কাছে জানিয়েছি। কিন্তু তাঁর আচরণ দেখে মনে হয়েছে, তিনি এতে গুরুত্ব
দেননি। এমন আচরণ করেছেন যেন আমরা মিথ্যা অভিযোগ করেছি। এই অবস্থায় আমরা সভা বর্জন করে
উঠে এসেছি।”
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো
বলেন, সরকার ও নির্বাচন কমিশন যৌথভাবে নির্বাচন বানচালের চেষ্টা করছে এবং নির্বাচনকে
প্রহসনে পরিণত করেছে। ইসি সরকারের পক্ষ হয়ে কাজ করছে। তবে আমরা নির্বাচনে ফাঁকা মাঠে
গোল দিতে দেব না।
বিএনপি নেতা নজরুল ইসলাম খান
বলেন, সেনাবাহিনী ইসির নিয়ন্ত্রণে। তাদের ক্যাম্প
থেকে বের হতে দেওয়া হচ্ছে না। তাদের ক্যাম্পে রেখে পুলিশ তাণ্ডব চালাচ্ছে। এসব করে
সেনাবাহিনীকে হেয় করা হচ্ছে।
বৈঠকে উপস্থিত ছিলেন ড. কামাল হোসেনসহ বিএনপি নেতা মির্জা
আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, মোস্তফা মহসিন মন্টু, সুব্রত চৌধুরী, জগলুল হায়দার প্রমুখ।