
অ্যাডিলেডে
আগামী ৬ ডিসেম্বর নিজেদের ১ম টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে ভারত। এরই
মাঝে বিরাট কোহলিকে আটকানোর নীল নকশা তৈরিতে ব্যস্ত রিকি পন্টিং।
অস্ট্রেলিয়ার
একটি ওয়েবসাইটে কোহলিকে থামানোর রাস্তা দেখিয়েছেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার সাবেক
এই অধিনায়ক বলেন, ‘‘কোহালিকে নিয়ে পরিকল্পনা তৈরি করতে বসলে আমি সবার আগে একটা
জিনিস দেখব। অতীতে ওর বিরুদ্ধে কোন বোলারের সাফল্য সবচেয়ে বেশি এবং কেন?’’ সেই
রাস্তায় হেঁটে পন্টিং একজনের নামই পাচ্ছেন। ‘‘জেমস অ্যান্ডারসনই হল একমাত্র বোলার
যে কোহালিকে সমস্যায় ফেলতে পেরেছিল। ওর বিরুদ্ধে সাফল্যও বেশি ইংল্যান্ড পেসারের।”
বিরাটের
ব্যাটিং নিয়ে পন্টিং বলেছেন, ‘‘বল যদি নড়াচড়া না করে, তাহলে কোহলিকে আউট করা
রীতিমতো কঠিন কাজ হয়ে দাঁড়াবে।’’ তিনি মনে করেন, প্রথম দিকে কোহালিকে রান করতে দেয়া
যাবে না। ‘‘শুরুতেই বাউন্ডারি লাইনে কয়েক জন ফিল্ডারকে রাখতে হবে। যাতে ইনিংসের
প্রথম দিকে বাউন্ডারি না পায় কোহালি। তবে শুরু থেকেই একেবারে আক্রমণে যাওয়ার কিছু
নেই। ধারাবাহিক ভাবে আঁটসাঁট বল করে যেতে হবে’’
অস্ট্রেলিয়ার
ক্রিকেটারদের জন্য থাকছে পন্টিংয়ের আরও কিছু পরামর্শ। তিনি বলেন, ‘‘কোহালি
থার্ডম্যানে বল ঠেলে রান সংগ্রহ করতে ভালবাসে। তাই কয়েক জন ফিল্ডারকে এমন জায়গায়
রাখা হোক, যাতে কোহালি একটু ধন্ধে পড়ে যায়।’’ কী ধরনের ফিল্ডিং সাজানো দরকার, তাও
বলেছেন অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক। তাঁর কথায়, ‘‘তৃতীয় স্লিপ একটু সামনে নিয়ে
আসতে হবে। কারণ, কোহালি গ্রিপ আলগা করে বলগুলো থার্ডম্যানের দিকে ঠেলার চেষ্টা
করে। সে ক্ষেত্রে ক্যাচ হলে সেটা আগে পড়বে।’’ পন্টিং মনে করছেন, এ সব ছোটখাটো
ব্যাপারে কোহলিকে ভাবতে বাধ্য করালে তাঁর ব্যাটিংয়ে প্রভাব পড়তে পারে।
সাবেক
এই অধিনায়ক মনে করেন, অস্ট্রেলিয়ার জন্য কাজটা সহজ হবে যদি কোহলির মাথা গরম করে
দেওয়া যায়। ‘‘কেউ আমাদের মাটিতে এসে দাপট দেখাবে, আর আমরা তা সহ্য করব, এটা হয় না।’’
অতীত অভিজ্ঞতা থেকে পন্টিং বলেন, ‘‘মিচেল জনসন কোহলিকে ঝামেলায় ফেলতো কখনও আগুনে
বোলিং করে, কখনও আক্রমণাত্মক শরীরী ভাষায়।’’ এটা সব সময় মাথায় রাখতে হবে যে,
ভাল ক্রিকেট খেলার পরেই এ সব করা যায়।
-খবর আনন্দবাজার