
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত পাওয়া ফলাফল প্রত্যাখ্যান করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। আজ রবিবার রাজধানীর বেইলি রোডের বাসায় এক সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন এ কথা বলেন।
তিনি বলেন, সারাদেশে জাতীয় ঐক্যফ্রন্টের
শতাধিক প্রার্থী ভোট বর্জন করেছে। আমরা ফলাফল প্রত্যাখ্যান করছি এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক
সরকারের অধীনে ভোট দেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি দাবি জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাসদের সভাপতি আ স ম আবদুর রব, ডা. জাফরুল্লাহ
চৌধুরী, নজরুল ইসলাম খান প্রমুখ।
ঐক্যফ্রন্টের কোনো প্রার্থী যদি
বিজয়ী হয় তাহলে তাদের ফলাফল মেনে নেবেন কি না, এই প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব মির্জা
ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা এই নির্বাচনকেই বর্জন করেছি।’
দলীয় সরকারের
অধিনে কখনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না, উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘এবারের
নির্বাচনে প্রমাণিত হয়েছে, দলীয় সরকারের অধিনে নয়, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধিনেই
সুষ্ঠু নির্বাচন সম্ভব।’