
আজ ১০ জানুয়ারি। স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামে বিজয় অর্জনের পর ১৯৭২ সালের ঐতিহাসিক এই দিনে তৎকালীন পশ্চিম পাকিস্তানে দীর্ঘ কারাবাস শেষে সদ্য স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের মাটিতে ফিরে আসেন মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু।
বঙ্গবন্ধু নিজে তার এই স্বদেশ
প্রত্যাবর্তনকে ‘অন্ধকার হতে আলোর পথে যাত্রা’ হিসেবে আখ্যায়িত করেছিলেন। দেশ স্বাধীন
হলেও যার আহ্বানে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তিযোদ্ধারা, সেই অবিসংবাদিত
নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন পাকিস্তানের কারাগারে অন্তরীণ। ফলে
স্বাধীনতা এলেও নেতার অনুপস্থিতিতে অপূর্ণতা থেকে গিয়েছিল বিজয়ের গৌরব উদ্যাপনে।
২৯০ দিন পাকিস্তানের কারাগারে
থাকার পর ১৯৭২ সালের ৮ জানুয়ারি ভোরে ছাড়া পান বঙ্গবন্ধু। এদিন বঙ্গবন্ধুকে বিমানে
তুলে দেয়া হয়। সকাল সাড়ে ৬টায় তিনি পৌঁছান লন্ডনের হিথরো বিমানবন্দরে। ব্রিটেনের বিমানবাহিনীর
একটি বিমানে করে পরের দিন ৯ জানুয়ারি দেশের পথে যাত্রা করেন বঙ্গবন্ধু। ১০ জানুয়ারি
সকালে তিনি নামেন দিল্লিতে। সেখানে তিনি ভারতীয় নেতাদের উষ্ণ সংবর্ধনা লাভ করেন।অবশেষে
দীর্ঘ প্রতীক্ষা আর উৎকণ্ঠার অবসান ঘটিয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি দুপুর ১টা ৪১ মিনিটে
বঙ্গবন্ধু পা রাখেন স্বাধীন দেশের মাটিতে। সেই থেকে দিনটি পালিত হচ্ছে বঙ্গবন্ধুর স্বদেশ
প্রত্যাবর্তন দিবস হিসেবে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো.
আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন এই দিবসটি উপলক্ষে
নানা কর্মসূচি গ্রহণ করেছে।