একাদশ জাতীয় সংসদ বসছে ৩০ জানুয়ারি




আগামী ৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে। ওই দিন বেলা তিনটায় সাংবিধানিক ক্ষমতাবলে জাতীয় সংসদ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। ভোট হওয়া ২৯৮ আসনের মধ্যে ২৫৭টি আসনে জয় পেয়েছে দলটি এবং জোটগত ভাবে তারা পেয়েছে ২৮৮ আসন। অপরদিকে তাদের প্রধান প্রতিপক্ষ বিএনপি ও তাদের জোটসঙ্গীরা সব মিলিয়ে পেয়েছে মাত্র সাতটি আসন।

নবনির্বাচিত সাংসদেরা শপথ নেন ৩ জানুয়ারি। এরপর ক্ষমতাসীন দলের সংসদ নেতা শেখ হাসিনার নেতৃত্বে গত সোমবার শপথ নিয়েছেন নতুন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা। আগামী ২৮ জানুয়ারি শেষ হচ্ছে দশম জাতীয় সংসদের মেয়াদ। এর এক দিন পরই বসছে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। নিয়ম অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনের শুরুর দিন ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

অধিবেশন শুরুর পর প্রথমেই হবে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আবারও একই পদে রাখার বিষয়ে রংপুরে নির্বাচনী জনসভায় ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ডেপুটি স্পিকার কে হবেন, সে বিষয়ে এখনো কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
নবীনতর পূর্বতন