প্রাথমিকে ১৩ হাজার পদে ২৪ লক্ষ আবেদন




প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা আগামী ফেব্রুয়ারি মাসে শুরু হতে পারে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এই নিয়োগ পরীক্ষায় অংশ নিতে ১৩ হাজার ১০০টি পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ২৪ লক্ষের বেশি।

প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদ বলেন, এত বিপুল পরিমাণ আবেদন জমা পড়ার কারণে নিয়োগ পরীক্ষা নিতে আমাদের অনেক ভাবতে হচ্ছে। পরীক্ষার আয়োজনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। আমরা মন্ত্রণালয়ে আবেদন করেছি ফেব্রুয়ারিতে পরীক্ষা নেওয়ার জন্য। অনুমতি পেলে ফেব্রুয়ারিতে পরীক্ষা নেওয়া শুরু হবে।

সোহেল আহমেদ আরো বলেন, এত বিপুল পরিমাণ আবেদনকারীর পরীক্ষা এক দিনে নেওয়া সম্ভব নয়। তাই ফেব্রুয়ারি মাসের প্রতি শুক্রবার এ পরীক্ষা নিতে মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে। মন্ত্রণালয় থেকে সংকেত পেলে পরীক্ষা শুরু করা হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়,  ডিজিটাল পদ্ধতিতে নিয়োগ পরীক্ষার প্রশ্ন করা হবে। এ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সারা দেশ থেকে ১৩ হাজার ১০০টি পদে সহকারী শিক্ষক নিয়োগে জন্য আবেদন চাওয়া হয়েছিল। এতে আবেদন জমা পড়েছে ২৪ লক্ষের বেশি।
নবীনতর পূর্বতন