আজ রবিবার ফরিদপুরের ভাঙ্গা ও চরভদ্রাসন উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রার্থীদের ভরাডুবি হয়েছে। ১৫টি ইউপির মধ্যে ১৪টিতেই স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন। মাত্র ১টিতে নৌকা বিজয়ী হয়েছে।
রোববার সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটারগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সামান্য কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পুরো নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিমউদ্দিন খান।
নৌকা প্রতীকের একমাত্র বিজয়ী প্রার্থী হলেন ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের মো. রেজাউল হাসনাত দুদু।
স্বতন্ত্র বিজয়ীরা হলেন— ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের শাজাহান হাওলাদার মিয়া, আলগী ইউনিয়নে ম. ম সিদ্দিক, কালামৃধা ইউনিয়নে রেজাউল মাতুব্বর, ঘারুয়া ইউপিতে মুনসুর মুনসি, চান্দ্রা ইউপিতে খালেক মোল্লা, চুমুরদিতে রফিকুল ইসলাম সোহাগ, তুজারপুরে ওলিউর রহমান, নাসিরাবাদে আলমগীর খান, নুরুল্লাগঞ্জে সৈয়দ শাহাবুর, মানিকদহে শহিদুল্লাহ বাচ্চু ও হামেরদিতে খোকন মোল্লা।
এছাড়া চরভদ্রাসন উপজেলার সদর ইউপিতে আজাদ খান (স্বতন্ত্র), চরহরিরামপুর ইউপিতে জাহাঙ্গীর কবির (বিএনপি স্বতন্ত্র), গাজিরটেক ইউপিতে মো. ইয়াকুব আলী (বিএনপি স্বতন্ত্র)।
এদিকে নৌকা প্রতীকের এমন ভরাডুবিতে সমর্থকরা হতাশ হলেও নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা জানান, নৌকা প্রতীক দেয়াই হয়েছে অযোগ্যদের। প্রতীক দেয়ার পরেই স্থানীয় নেতাকর্মীরা এমন ফলাফলের আশঙ্কা করছিলেন।